দেশের মানুষ ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরম আকার ধারণ করেছে, এতে মানুষ কষ্ট পাচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত লোকজনের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের সমস্যার কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে হচ্ছে।
এর আগে সকালে শহীদ আবদুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির। পরে তিনি শহীদ আবদুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
শফিকুর রহমান শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন। শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে বেলা ১১টায় বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং দুপুর ১২টায় বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে শফিকুর রহমানের।





