জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার দুপুর ২টায় ভোট শুরু হয়, যা টানা তিন ঘণ্টা চলবে।
এ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
ভোটগ্রহণ শুরুর পর প্রথম দিকে নিজেদের ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ভোটাধিকার প্রয়োগ করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
ভোটের জন্য সংসদ সদস্যরা নিজ নিজ নির্ধারিত আসনে অবস্থান করছেন। নির্বাচন কমিশনের ২০ জন কর্মকর্তা ভোটগ্রহণ প্রক্রিয়ায় তাদের সহায়তা করছেন এবং ব্যালট পেপার সরবরাহ করছেন।
সংসদ সদস্যরা সাদা-কালো ছাপানো ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিচ্ছেন। ভোট গ্রহণের জন্য সংসদে রাখা হয়েছে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের আহ্বানে বিশেষ সভার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করছেন তিনি।
ভোটগ্রহণ শেষে গণনা করা হবে। পুরো ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।





