আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে মঙ্গলবার রংপুরে দেওয়া বক্তব্যে মীর শাহে আলম জানিয়েছিলেন, আগামী বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। ২০২৭ সালের ৬ জুনের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজন শেষ করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে। তবে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের কোন নির্বাচন কখন হবে, সেই সময়সূচি নির্বাচন কমিশন নির্ধারণ করবে।





