রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ বিভাগ থেকে ৩৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৭৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯২ জন, মিরপুর বিভাগ থেকে ১২০ জন, গুলশান বিভাগ থেকে ৩৭ জন, উত্তরা বিভাগ থেকে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৫৩টি লোহার পেরেক (তারকাটা), ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, তিন বোতল বিদেশি মদ, ২০ ক্যান বিয়ার, একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকা।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তি গ্রেফতার হন। তাদের কাছ থেকে উদ্ধার করা আলামত ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।