ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু পরিস্থিতি ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন, জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা গড়ার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
ড. আবদুল মঈন খান বলেন, বড় শহরগুলোতে মানুষের চলাচল সহজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কে মানুষের মূল্যবান সময় নষ্ট হলে এর প্রভাব অর্থনীতিতেও পড়ে। তাই নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন। দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনগুলোর চলমান কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম তুলে ধরেন। ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ, খাল খনন ও জলাবদ্ধতা নিরসনে নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতি দেখে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





