ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। নতুন এই কূপ থেকে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদারসহ জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিএফসিএল সূত্রে জানা গেছে, তিতাস-২৮ কূপের খননকাজ শুরু হয় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর। ঠিকাদারি প্রতিষ্ঠান সানকুইন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি) কূপ খননের দায়িত্ব পালন করছে।
সূত্র জানায়, ২০২৫ সালের ১০ এপ্রিল সম্পাদিত চুক্তির আওতায় রিগ ফাউন্ডেশন নির্মাণ, খননযন্ত্র স্থাপন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল সরবরাহের কাজ সম্পন্ন করা হয়। এরপর কূপ খননের কার্যক্রম শুরু হয়।
জাতীয় জ্বালানি চাহিদা পূরণে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় চারটি কূপে গ্যাসের মজুত যাচাই ও উৎপাদন কার্যক্রম এবং দুটি গভীর অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া সাতটি কূপের ওয়ার্কওভার কার্যক্রম এবং তিতাস গ্যাসক্ষেত্রের দুটি লোকেশনে ছয়টি ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের কাজও চলমান রয়েছে।





