আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে দুর্গাপূজার সরকারি ছুটি বাড়ানো হয়েছে। এ বছর ছুটি তিন দিনে উন্নীত করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসী টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
তিনি জানান, পূজামণ্ডপে সরকারি অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে এই অনুদান চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রয়েছে। এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেশি।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ দুর্গাপূজার নিরাপত্তায় ব্যবহার করা হবে। পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্স, বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে।
তিনি আরও জানান, প্রতিটি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা যাচাই শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হবে। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিকল্প জেনারেটর ও জরুরি আলো ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং তা আরও জোরদার করা হবে। অপরাধের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও নিরপেক্ষভাবে তদন্ত করা হবে বলে জানান তিনি।
মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে যোগাযোগের ঘাটতি বা সমন্বয়হীনতার বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার ভিত্তিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও সমাজে শান্তি বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুর্গাপূজায় দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্টার
৩০ সেপ্টেম্বর, ২০২৬
২ সপ্তাহ আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




