দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যু হয়েছে ১০০ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯১৯ জন। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জনে।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৫৫ জন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো—ঢাকা বিভাগে ৩৭৭ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, সিলেটে ১২১ জন, চট্টগ্রামে ২০০ জন, বরিশালে ৬০ জন, ময়মনসিংহে ৩৭ জন, খুলনায় ৩১ জন এবং রংপুরে ৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৬৫ জন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনে। এর মধ্যে ২০ হাজার ৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।