দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা।