নিয়োগ বাণিজ্যকে লাভজনক ক্ষেত্র হিসেবে দেখার প্রবণতা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিয়োগ বাণিজ্যের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘নিয়োগ বাণিজ্যের জায়গাটাকে অনেকেই মধুর চাক মনে করেন। ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।’
দেশের বিভিন্ন খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বর্তমানে সব জায়গায় চুরি-চামারি ও লুটপাট শুরু হয়েছে। চাঁদাবাজদের হাত বন্ধ করতে হবে, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে হবে।’
দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনে বারবার রাজপথে নামার কথাও জানান জামায়াত আমীর। তিনি বলেন, দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের জনগণ মেনে নেবে না।
ভারতের প্রভাব নিয়েও বক্তব্য দেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এই দেশে থাকা হবে না। এই পথ পালানোর পথ। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না।’





