নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নামে বিএনপি সরকার ‘বাজে’ কাজ করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

১০ম গ্রেডের নিয়োগ কার্যক্রম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছ থেকে সরিয়ে নিয়ে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।

পোস্টে তিনি বলেন, অন্যান্য ১০ম গ্রেডের পদের মতো উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগও দীর্ঘদিন ধরে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির মাধ্যমে হয়ে আসছে। মন্ত্রণালয় শূন্য পদের সংখ্যা জানায়, পিএসসি পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে এবং পরে মন্ত্রণালয় নিয়োগ দেয়।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি সরকার সব নিয়োগ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। তিনি বলেন, পিএসসির অধীনে থাকা নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, পিএসসি যদি নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে না পারে, তাহলে তারা বিষয়টি জানিয়েছে কি না। তার দাবি, এ উদ্যোগের মাধ্যমে সরকার নিয়োগ প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, এর উদ্দেশ্য পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়া কিংবা দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করা হতে পারে।

তিনি আরও বলেন, সরকারি চাকরিতে নিয়োগে বৈষম্যের কারণেই ২০২৪ সালে ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যা পরবর্তী সময়ে বড় আন্দোলনে রূপ নেয়।

হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতা ও সংখ্যাগরিষ্ঠতার কারণে বিষয়টি ভুলে গেলে সরকারকে মনে রাখতে হবে, তরুণরা এখনও সচেতন রয়েছে।

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে দুর্নীতির মাধ্যমে লাভবান হওয়ার চিন্তা ইতিবাচক ফল বয়ে আনবে না।