বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে এসেছে নতুন এক সাফল্যের খবর। প্রথমবারের মতো এই বিশ্বখ্যাত চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল আয়োজনে অংশ নিয়েই পুরস্কার জিতে নিয়েছে রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস’ বিভাগে ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার পেয়েছে সিনেমাটি। এই স্বীকৃতির মাধ্যমে ওই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছেন নির্মাতা রুবাইয়াত হোসেন।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান রুবাইয়াত হোসেনের হাতে পুরস্কার তুলে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু।
বিশ্বের বিভিন্ন দেশের হাজারো সিনেমার মধ্য থেকে কয়েক ধাপে নির্বাচনের পর ভেনিস চলচ্চিত্র উৎসরের জন্য চলচ্চিত্র বাছাই করা হয়। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে উৎসবটির অফিশিয়াল শাখা অরিজন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে।
গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রদর্শনের পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যম ও চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেতে শুরু করে সিনেমাটি।
ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর গত ২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) শেষ হচ্ছে এবারের আয়োজন। সমাপনী দিনেই অফিশিয়াল শাখার বিভিন্ন বিভাগের পুরস্কার ঘোষণা করা হবে। এর মধ্যে অরিজন্তি বিভাগেও প্রতিযোগিতায় রয়েছে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এ ছাড়া শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী এবং রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে অভিনয় করেছেন।
ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি এবার জায়গা করে নিয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।





