বিশ্বকাপ ফুটবলের পর থেকেই নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটেছে। ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে আর ফিরতে চান না এই তারকা ফুটবলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি।

গত বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পরই আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সংশয়ের কথা জানিয়েছিলেন নেইমার। পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারেও জাতীয় দল নিয়ে নিজের ভবিষ্যৎ সম্পর্কে একই ধরনের ইঙ্গিত দেন তিনি।

সিএনএন এস্পোর্তেসকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “নেইমারের মান ও সামর্থ্যের কারণে তার বিশ্বকাপে থাকা উচিত ছিল। তবে সে নিজেই নিশ্চিত করেছে যে জাতীয় দলে আর ফিরতে চায় না। নেইমারের মতো অসাধারণ ও অনন্য প্রতিভার বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব।”

নেইমারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ব্রাজিলের ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে আনচেলত্তি এখন দলের ভবিষ্যৎ পরিকল্পনায় দলগত ফুটবলকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

দীর্ঘদিন ধরেই ব্রাজিল দলের খেলায় ব্যক্তিনির্ভরতার প্রবণতা নিয়ে আলোচনা ছিল। আনচেলত্তি সেই ধারা থেকে বেরিয়ে আরও সংগঠিত ও সমন্বিত দল গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, “আধুনিক ফুটবলে একক প্রতিভার চেয়ে দলগত কাজ বা টিমওয়ার্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একক প্রতিভা হয়তো জয়ের সম্ভাবনা তৈরি করে, কিন্তু টেকসই সাফল্য পেতে দলগত শক্তিই আসল। আমরা কোনো নির্দিষ্ট তারকার ওপর নির্ভরশীল না হয়ে একটি শক্তিশালী ও সংহত দল হিসেবে ব্রাজিলকে গড়ে তুলতে চাই।”

নেইমারের বিদায়ের পর ব্রাজিলের নতুন এই দলীয় কাঠামো কতটা সফল হয়, এখন সেদিকেই নজর থাকবে সেলেসাও সমর্থকদের।