মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে আমন্ত্রণ পেলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিনি বলেছেন, “মক্কা প্যাক্ট বিশ্বমুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। এটি আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে অন্যদের উদ্বেগের কোনো কিছু নেই।”
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
রুমিন ফারহানা তার প্রশ্নে বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট মক্কা প্যাক্ট স্বাক্ষর করেছে। বাংলাদেশ এতে যুক্ত হলে কী ধরনের সুবিধা পেতে পারে— জানতে চান তিনি।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা প্যাক্ট বর্তমানে তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি। বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।
তিনি বলেন, “এতে যোগদানের বিষয়টি এখনো আসেনি, কারণ এটি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমরা নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করব।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটির ভালো-মন্দ নিয়ে বিস্তারিত আলোচনার সময় এখনো আসেনি। তবে ভবিষ্যতে বিষয়গুলো বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, “আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, এ প্যাক্ট যদি বিস্তৃত হয়, তবে এটি বিশ্বমুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা।”





