সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এ কারণে সরকার ও বিরোধী দলের মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন, ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে—সে বিষয়ে সবাইকে একসঙ্গে থাকতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের সময়ে গণতন্ত্রের কোনো সুযোগ ছিল না। তার ভাষ্য, সেই সময় শেখ হাসিনার নির্দেশের পরপরই হারুন ও বেনজীর বাহিনী সক্রিয় হয়ে উঠত।

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার সময়কার মতো বিরোধী দলের দুটি লংমার্চে কোনো বাধা দেওয়া হয়নি।

এ সময় বিরোধী দলের নেতারা সরকারদলীয় নেতাদের উদ্দেশ্যে যেসব অসম্মানজনক ভাষায় বক্তব্য দিচ্ছেন, তা ফ্যাসিবাদের ভাষা বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।