সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা পবিত্রতম ইসলামি স্থানগুলোর পবিত্রতার ওপর একটি অগ্রহণযোগ্য হামলা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো আগ্রাসন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা।
এর আগে মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুথি হামলার নিন্দা জানায় পাকিস্তানও। দেশটি এ হামলাকে ‘মারাত্মক উসকানি’ হিসেবে অভিহিত করেছে।
শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোতে হামলা একটি ‘বেপরোয়া কার্যকলাপ’।





