রাজধানীর মিরপুর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি তাকে বিস্মিত করেছে।
শফিকুর রহমান লিখেছেন, “এ বিষয়ে আমারও দায়িত্ব রয়েছে এবং আমাকে সম্পৃক্ত করা যেত। পারস্পরিক পরামর্শের মাধ্যমে একটি উত্তম ও কার্যকর পথ বের করা সম্ভব ছিল। কিন্তু সেই পথ অনুসরণ করা হয়নি।”
বুধবার সকাল ১০টার পর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশ ও সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় কয়েকজন আহত হন।
জামায়াতের আমির বলেন, এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনার আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, “সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে কি না, সেটিও ভেবে দেখা দরকার।”
তিনি আরও বলেন, মিরপুর-১০ এলাকা গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত, যেখানে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই জনগণের সুবিধা-অসুবিধার সঙ্গে সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।
শফিকুর রহমান সংঘাত এড়িয়ে এমন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষের চলাচলও নির্বিঘ্ন থাকে।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ও চাঁদাবাজ ব্যক্তি এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা নিয়ে ব্যবসার সুযোগ করে দিয়েছে। তার মতে, এর আর্থিক চাপ শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে।
তিনি বলেন, বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ না নিয়ে সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
মিরপুর উচ্ছেদ অভিযান, জানেন না স্থানীয় সাংসদ ও বিরোধীদল নেতা শফিকুর রহমান
৩০ সেপ্টেম্বর, ২০২৬
২ সপ্তাহ আগে
শেয়ার করুন:

রাজনীতি
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




