আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর তাকে সম্মান জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর্জেন্টিনার হয়ে দুই দশকের ক্যারিয়ারে মেসির অর্জন ও বিশ্ব ফুটবলে তার প্রভাবের কথা তুলে ধরেছেন ফিফাপ্রধান।

আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন মেসি। তার এই সিদ্ধান্তের পর বিশ্বজুড়ে ভক্ত ও ফুটবল সংশ্লিষ্টদের কাছ থেকে আসছে নানা প্রতিক্রিয়া।

মেসিকে নিয়ে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইনফান্তিনো লিখেছেন, ‘অভিনন্দন লিও মেসি, একটি অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য, যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সুন্দর খেলাটিকে নতুন রূপ দিয়েছে।’

আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলে মেসির অর্জন তুলে ধরে ফিফা সভাপতি আরও বলেন, ‘২০২২ সালের ফিফা বিশ্বকাপ বিজয়ী, আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ ম্যাচ ও গোলের মালিক এবং ইতিহাসে ফিফা বিশ্বকাপের সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডধারী আপনার জাদুকরী প্রতিভা এবং বিনোদন চিরস্মরণীয় হয়ে থাকবে।’

মেসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনা দলের রঙ গায়ে জড়ানোর জন্য এবং বিশ্বের প্রতিটি কোণ থেকে ভক্তদের এক করার জন্য প্রতিটি অবিস্মরণীয় স্মৃতির জন্য ধন্যবাদ। আপনার পরবর্তী অধ্যায়ের জন্য অনেক শুভকামনা।’

২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মেসির। এরপর দীর্ঘ সময় ধরে আলবিসেলেস্তেদের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা ছিলেন তিনি।

দীর্ঘ অপেক্ষার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতান মেসি। এরপরও জাতীয় দলের হয়ে তার যাত্রা অব্যাহত থাকে এবং ২০২৬ বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত পৌঁছান তিনি।

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেও ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন মেসি। তবে আর্জেন্টিনার জার্সিতে তার দুই দশকের পথচলার অবসানের পর ইনফান্তিনোর বার্তায় উঠে এসেছে ফুটবল বিশ্বে মেসির দীর্ঘস্থায়ী প্রভাব ও অর্জনের স্বীকৃতি।