যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানকে অবিলম্বে উত্তেজনা কমিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় তুর্ক বলেন, হামলা পুনরায় শুরু হওয়ার ঘটনা উদ্বেগজনক। বিশেষ করে বেসামরিক মানুষের হতাহত হওয়ার সাম্প্রতিক খবর নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
হরমোজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে হতাহতের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, সিরিতে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তুর্ক বলেন, সম্পূর্ণ এড়ানো সম্ভব ছিল এমন এই সংকটের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আবারও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।
তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্রুত উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথে ফিরে যাওয়ার আহ্বান জানান।





