কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যে রাজধানীর হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার পর রাজধানীর শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন অংশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন।
এ ছাড়া শনিবার সন্ধ্যা ও রাতে রাজধানীর মিরপুর, মধ্যবাড্ডা ও দক্ষিণ কেরানীগঞ্জে তিনটি বাস ও একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যায় মিরপুরে দুটি বাস এবং মধ্যবাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেওয়া হয়।
এর আগের দিন শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি এলাকায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব এলাকার মধ্যে ছিল মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেট। একই সময়ে কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।





