হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা না হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মঙ্গলবার গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে অনিশ্চয়তা বাড়ার সঙ্গে সঙ্গে জ্বালানি বাজারেও চাপ তৈরি হয়েছে।

প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান নিজেদের কিছু শর্ত তুলে ধরেছে। এর বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হতাহতের ঘটনায় ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানে হরমুজ প্রণালি দ্রুত সচল হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল প্রায় ৮৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮২ দশমিক ৪৫ ডলারে।

দুই বেঞ্চমার্কের দামই ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এর আগের দিন সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল।

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। এ নৌপথে দীর্ঘ সময় অচলাবস্থা থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে চাপ বাড়তে পারে। একই সঙ্গে জ্বালানির দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কাও রয়েছে।

সূত্র: আল জাজিরা