দেশে হাম ও হামের উপসর্গে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩১ শিশু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯ শিশু। এ হিসাবে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৩৮৪ জনে পৌঁছেছে।

একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৫৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।

হাম ও হামের উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে।