দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত ও সন্দেহভাজন হাম আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৯ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯৬ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ২৫৪ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে এক দিনে নিশ্চিত ও সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৯ জনে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৩২ শিশু। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯০৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়েছে ২৩ হাজার ১২২ জন।
এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ রোগী ভর্তি হয়েছে।
তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।