ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
ত্রাণমন্ত্রী বলেন, ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী। বড় ধরনের ভূমিকম্প হলে এখানে উদ্ধারকাজ পরিচালনা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ বাস্তবতায় প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে দক্ষ ও প্রশিক্ষিত এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন, যাতে জরুরি পরিস্থিতিতে তারা তাৎক্ষণিক সাড়া দিতে পারেন।
ভূমিকম্প-পরবর্তী সময়ে মানুষের নিরাপদ আশ্রয়ের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী জানান, খোলামেলা স্থান হিসেবে খেলার মাঠ ও বিভিন্ন স্কুলকে প্রাথমিকভাবে চিহ্নিত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। দুর্যোগের পরপরই যাতে ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত সেখানে সরিয়ে নেওয়া যায়, সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন