প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে।
চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও পানিসম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশে চলমান নদীখনন কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা চান।
বিশেষ করে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন উন্নয়নে দেশটির সহযোগিতা কামনা করেন তিনি।
চীনের পানিসম্পদমন্ত্রী বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনের পানিবিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন।
লি গোয়োইং বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর। পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের পানিবিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান চীনের পানিসম্পদমন্ত্রী।
বৈঠক শেষে লি গোয়োইং প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বই উপহার দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন