যশোরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ জুলাই) ভোর ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
আটক ব্যক্তির নাম সাদিকুর রহমান সুমন (৩৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার নলকুরা লাপসা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, তল্লাশির সময় তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৮৫ টাকাও জব্দ করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিকুর রহমান জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। জব্দ করা মোবাইল ফোনের মূল্য ৩০ হাজার টাকা। নগদ অর্থসহ জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারে জড়িত সন্দেহে ব্যক্তিদের আটক করা হচ্ছে।
সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন