ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘সত্যিই যদি সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের আইনি বিচার মোকাবিলা করুন।’
মো. আমিনুল ইসলাম জানান, জুলাই গণ-অভ্যুত্থান ও হত্যাকাণ্ডসংক্রান্ত ১০টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিবেদনগুলো গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করছেন।
তিনি আরও জানান, এসব মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শাহজাহান খান ও আমির হোসেন আমু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম আসামি হিসেবে রয়েছে।
এর আগে রোববার (২৮ জুন) ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন