আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩(জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করা হয়েছে।
এ অনুযায়ী ভোটার তালিকা ডেটাবেইজে ৩১ জুলাই ২০০৮ বা এর আগে জন্ম নেওয়া এবং ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত নিবন্ধিত বা নিবন্ধিত হতে যাওয়া ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
ইসি জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময়সূচি অনুযায়ী আগামী ৪ আগস্ট খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ে পাঠানো হবে। ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
খসড়া তালিকা নিয়ে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৪ আগস্ট। এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট এবং গৃহীত সিদ্ধান্ত তালিকায় সংযুক্ত করার শেষ সময় ২৮ আগস্ট।
এরপর ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ইসি আরও জানিয়েছে, খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের সুযোগ দিতে হবে। তালিকায় কোনো ভুল বা অসঙ্গতি থাকলে সংশোধনের আবেদন করার বিষয়ে জনগণকে জানাতে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ঘোষণা এবং স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন