ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় ভিয়েতনামে অবস্থিত ভারতের দূতাবাস ও কনস্যুলেট জরুরি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৩৬ জন ছিলেন। তাদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন নৌকার কর্মী এবং একজন সহকারী ছিলেন।
এ ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হোন মাই রুত ন্গোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বৈরী আবহাওয়া, উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের কারণে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান।
ভারতের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন