চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় অগ্নিকাণ্ডে একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপণ দল।
আগুনে ক্রেনটি অচল হয়ে পড়ায় সংশ্লিষ্ট ইয়ার্ডে কন্টেইনার ডেলিভারি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বন্দরের অন্যান্য ইয়ার্ডে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে এনসিটির ৩ নম্বর জেটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ইয়ার্ডে কন্টেইনার ওঠানামা ও ডেলিভারি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। শ্রমিক ও কর্মরত ব্যক্তিদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বন্দরসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একটি আরটিজি ক্রেনে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আগুনের তাপে পাশে থাকা একটি রেফ্রিজারেটেড বা রিফার কন্টেইনারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্রুত অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু হওয়ায় আগুন আশপাশের অন্য কন্টেইনার ও যন্ত্রপাতিতে ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভ্যন্তরীণ একটি সূত্রের দাবি, আগুনে ক্ষতিগ্রস্ত আরটিজি ক্রেনটি সম্পূর্ণ অচল হয়ে গেছে। ফলে ক্রেনটি ব্যবহার করে আপাতত কন্টেইনার ওঠানামা ও ডেলিভারি করা সম্ভব হচ্ছে না। সাধারণত একটি গ্যান্ট্রি ক্রেনের দাম প্রায় ১৫ থেকে ২৩ কোটি টাকা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন বলেন, এনসিটির একটি আরটিজি ক্রেনে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস ও বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ দলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ক্রেনটি পুনরায় সচল করা যাবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এ মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন