জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, এ বিষয়ে আপস করা মানে জাতি ও শহীদদের সঙ্গে বেঈমানি করা।
শুক্রবার (৩ জুলাই) রাতে রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল জোন আয়োজিত কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু এটি বাস্তবায়নে গড়িমসি করা হলে তা গণরায়ের প্রতি অশ্রদ্ধা হিসেবে বিবেচিত হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, জুলাই সনদ নিয়ে কোনো আপস করা হবে না এবং শহীদদের রক্তের ঋণ শোধে এটি বাস্তবায়ন জরুরি।
বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণ পরিবর্তনের আশায় ভোট দিলেও অসাধু আঁতাতের মাধ্যমে সেই রায় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে তিনি নেতাকর্মীদের হতাশ না হয়ে সাংগঠনিক দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, এটি উন্নয়নের নির্বাচন। জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা সুবিধাভোগের সুযোগ দেওয়া হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের সততার মানদণ্ড বজায় রাখার নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ জামায়াতের শীর্ষ নেতারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন