সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রস্তাবিত ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ বা নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। উদ্যোগটিকে ঢাকা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে প্রস্তাবিত এই প্রতিরক্ষা বা নিরাপত্তা সহযোগিতা কাঠামোর বিষয়ে বাংলাদেশের মনোভাব ইতিবাচক। মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বহুমাত্রিক করতে সরকার কাজ করবে।
তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক আরও গভীর করার নীতি অব্যাহত থাকবে।
ব্রিফিংয়ে নিজের দ্বৈত বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে চলমান সমালোচনার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, তিনি একজন ‘গর্বিত বাংলাদেশি নাগরিক’। নাগরিকত্ব নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও মহলের সমালোচনাকে প্রত্যাখ্যান করে হুমায়ুন কবির দাবি করেন, এ নিয়ে যারা ‘অপপ্রচার’ চালাচ্ছে, তারা দেশের ভালো চায় না।





