রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মোট ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের আওতাধীন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১৫২ জনকে গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এরপর তেজগাঁও বিভাগে ৯৫ জন এবং ওয়ারী বিভাগে ৮০ জনকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া মতিঝিল বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং রমনা বিভাগে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে এক কেজি গাঁজা, এক হাজার ৫০৬ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন এবং চারটি চাকু উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযান চলাকালে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





