রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও একই ধরনের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো ধরনের সহিংসতা চায় না। স্থানীয় সরকার নির্বাচনে তুলনামূলকভাবে সহিংসতার প্রবণতা বেশি থাকায় এ বিষয়ে কমিশন বিশেষ সতর্কতা অবলম্বন করবে।
স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার দায়িত্ব নির্বাচন কমিশনের উল্লেখ করে তিনি বলেন, শুধু দলীয় মনোনয়ন পেলেই কোনো প্রার্থীর নির্বাচিত হওয়ার নিশ্চয়তা নেই। জনপ্রতিনিধি নির্বাচিত হবেন জনগণের ভোটে।
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে রাজনৈতিক দল ও প্রার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কাজ করবে।





