আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি দলটিকে ‘মাফিয়া গ্যাং’ হিসেবে আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং। আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, কেউ কেউ এ আলোচনা করার চেষ্টা করে।”

তিনি আরও বলেন, “বাধনের সঙ্গে যা হয়েছে, তাতে আবার ভাবতে হবে, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কি না।”

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলটির যদি ন্যূনতম দুঃখবোধ থাকত কিংবা রাজনীতিতে ফিরে আসার ইচ্ছা থাকত, তাহলে এ ধরনের সহিংসতা ঘটত না।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “শেখ হাসিনাকে আসতে হবে, তাকে ধরে নিয়ে আসতে চাই। তিনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার এখন আপিলের সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি এমন যে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের সংবেদনশীলতার বিষয়টি ভারতকে বুঝতে হবে।