সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দল প্রত্যাশিত সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার সংবিধানে এমন কিছু পরিবর্তন আনতে চায়, যেগুলোকে অনেকে সংস্কার হিসেবে অভিহিত করতে পারেন। কিন্তু এসব পরিবর্তন বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা এখনো পাওয়া যাচ্ছে না।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি সাংবিধানিক সংশোধনী আনতে চাই; যে সংশোধনীকে অনেকে সংস্কার বলতে পারেন।’

তিনি আরও বলেন, বিরোধী দল এসব পরিবর্তনকে সংস্কার বলতে চাইলে সরকারের কোনো আপত্তি নেই। তবে সাংবিধানিক সংশোধনী বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা শুনেছেন, বিরোধীদলীয় নেতা সরকারকে সহযোগিতা না করে দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৮ কোটি জনগণকে সহযোগিতা করুন, এটাই আমরা চাই।’

তিনি বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনা করা বিরোধী দলের দায়িত্ব। তবে রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সাংবিধানিক সংস্কার কার্যক্রমে তাদের ভূমিকার সামঞ্জস্য থাকা প্রয়োজন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধীদল হিসেবে গঠনমূলক সমালোচনা এবং সরকারের ভুল-ত্রুটি ধরে দেবেন, এটাই আমরা চাই। কিন্তু রাস্তার বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে আপনাদের যে অবদান, দুটোর মধ্যে মিল থাকতে হবে।’

সরকারের রাষ্ট্র সংস্কার পরিকল্পনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।

তিনি জানান, এ লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেছেন এবং সেগুলো বাস্তবায়নের কাজ চলছে।

সালাহউদ্দিন আহমদের ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা সরকারের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের পর দেশে বিভিন্ন সময়ে কর্তৃত্ববাদী শাসনের উত্থান-পতন ঘটেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যও বারবার আন্দোলন করতে হয়েছে।

এসব আন্দোলনে বিএনপির ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অতীতের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে দলটি সফল হয়েছে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও অনুপ্রেরণা এবং তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা ও পরিচালনায় ওই আন্দোলনে জনগণের বিজয় অর্জিত হয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আদর্শ ও অনুপ্রেরণা ধারণ করেই সরকার ভবিষ্যতের কার্যক্রম পরিচালনা করতে চায়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, সনদের পাশাপাশি জনগণের অন্যান্য প্রত্যাশাও সাংবিধানিক সংশোধন, আইন প্রণয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রতিফলিত করা হবে।

তিনি বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবিধানিক ও আইনগত পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে।

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের তাৎপর্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সরকারের অঙ্গীকার আবারও প্রকাশ করেছেন।

জুলাইয়ের চেতনা সরকারের চিন্তা ও পরিকল্পনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত বলেও মন্তব্য করেন তিনি।