সরকারের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, “সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতে চলবে।”
তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা সরকারের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে মাহদী আমিন বলেন, সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনা ও ভবিষ্যৎ অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেছেন।
তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী কৃষি, প্রযুক্তি, নারী উন্নয়ন ও তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিষয়ে কথা বলেছেন। একই সঙ্গে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
মাহদী আমিন আরও জানান, পাঁচ দিনব্যাপী যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী চার দিনে প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের চাপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। দ্বিপক্ষীয় বাণিজ্যিক স্বার্থ, উপযোগিতা ও লাভ-ক্ষতির বিষয় বিবেচনা করেই চুক্তিটি করা হয়েছে।
এর আগে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রওনা হয়ে দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি দলের সদস্যরা।
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে: মাহদী আমিন
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬
৩ সপ্তাহ আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




