ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ যাত্রীবাহী জাহাজের ১৪০ আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর আগে জাহাজে থাকা ২৪৩ জন আরোহীর মধ্যে ১০৩ জনকে বিভিন্ন নৌযানের সহায়তায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা।

রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রতিকূল আবহাওয়ার মধ্যে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জাভা সাগরে জাহাজটির কোনো অবস্থান শনাক্ত করা না গেলে নিখোঁজের বিষয়টি জানানো হয়।

উদ্ধার সংস্থা জানিয়েছে, ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি শনিবার পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রাপথে বৈরী আবহাওয়ার কারণে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উদ্ধার সংস্থার বানজারমাসিন কার্যালয়ের প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও বার্তায় জানান, বিভিন্ন নৌযানের মাধ্যমে ১০৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের কয়েকজনকে পূর্ব জাভার একটি বন্দরে নেওয়া হবে।

তিনি বলেন, জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে সেখানে উদ্ধারকারী দল, কয়েকটি নৌযান ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে জাহাজটির কী ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায় যাত্রী পরিবহনে ফেরি ও নৌযান গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। দেশটির প্রায় ১৭ হাজার দ্বীপের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় সমুদ্রপথের বড় ভূমিকা রয়েছে। বিমান ভ্রমণের তুলনায় নৌপথ তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় দেশটির সাধারণ মানুষ ব্যাপকভাবে এ ব্যবস্থার ওপর নির্ভরশীল।