দেড় মাসের বেশি সময় পর দেশে গ্যাসের সরবরাহ বেড়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে বর্তমানে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে সরবরাহ করা গ্যাসের মধ্যে ১৬২ কোটি ঘনফুট আসছে দেশীয় উৎস থেকে। পাশাপাশি ঘাটতি পূরণে এলএনজি থেকে সরবরাহ করা হচ্ছে ১০০ কোটি ঘনফুট গ্যাস।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে এলএনজি সরবরাহ বাড়ার পর জাতীয় গ্রিডে গ্যাস পরিস্থিতির উন্নতি হতে শুরু করে।

সরবরাহ বাড়ার প্রভাবে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। সাভার, আশুলিয়া, চট্টগ্রাম ও নরসিংদীর শিল্পকারখানায় আগের তুলনায় স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে গাজীপুরে গ্যাস সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

সংশ্লিষ্টরা জানান, মাত্র দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সিএনজি ফিলিং স্টেশনসহ কিছু এলাকায় এবং আবাসিক গ্রাহকদের গ্যাসের চাপও তুলনামূলক বেড়েছে।