চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা খাবার খেয়ে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় খাবারের গুণগত মান ও শিক্ষার্থীদের অসুস্থতার কারণ খতিয়ে দেখতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, স্কুল ফিডিংয়ের খাবার খাওয়ার পর ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সরবরাহ করা খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীদের অসুস্থতার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)কে আহ্বায়ক করে কমিটিতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জেলা স্যানিটারি পরিদর্শককে সদস্য করা হয়েছে।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টিফিনের খাবার খাওয়ার পর শিক্ষার্থীদের পেটে ব্যথা ও বমি শুরু হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিদ্যালয়টিতে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহ করে বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ‘গাক’। এর আগে একই প্রতিষ্ঠানের সরবরাহ করা খাবার খেয়ে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





