মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কাজ করেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে সংসদ সদস্য আনিছুর রহমান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি অপরিচ্ছন্ন টয়লেট ও হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আনিছুর রহমান বলেন, শুধু নিজের বাড়িঘর নয়, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সেবাকেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এসব প্রতিষ্ঠানকে ব্যবহারোপযোগী ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সম্পদ মনে করে যত্ন নিতে হবে। সেবা গ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবার রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসেবামূলক উদ্যোগের কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, সরকার দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে তাদের প্রয়োজন ও সমস্যার সমাধানে কাজ করার ওপর গুরুত্ব দিচ্ছে।
আনিছুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে তারাও জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সরকারি সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জনগণের সচেতনতা এবং সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সংসদ সদস্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন।
হাসপাতালের টয়লেট ও আবর্জনা নিজ হাতে পরিষ্কার করলেন সংসদ সদস্য
জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর, ২০২৬
১ দিন আগে
শেয়ার করুন:

সারাদেশ
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




