রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের কর্মকর্তারা অংশ নেবেন। সংসদ সচিবালয় ও ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের পাশাপাশি সংসদ সচিবালয়ের সচিব, নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে থাকবেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণের ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয়গুলো আলোচনায় আসতে পারে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে ভোটগ্রহণ হবে।
ইতোমধ্যে বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট রাষ্ট্রপতি পদে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
শেষ পর্যন্ত দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলে ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে।
১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেন। ওই নির্বাচনে জাতীয় পার্টি ও জামায়াতসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা ভোটদান থেকে বিরত ছিলেন।
এরপর টানা সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারও একই পরিস্থিতি হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে রোববার জামায়াত নেতৃত্বাধীন জোট প্রার্থী ঘোষণা করার পর সম্ভাব্য ভোটগ্রহণের প্রস্তুতি জোরদার করে নির্বাচন কমিশন।
এ বিষয়ে সোমবার অনির্ধারিত বৈঠক করে ইসি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





