সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে লন্ডনে ভার্চুয়াল বক্তব্য দিলে তা ‘অর্থহীন কাজ’ হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকরা জানতে চান, আগামীকাল লন্ডনে একটি সংবাদ সম্মেলনে অনলাইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে যুক্ত হবেন— এ বিষয়ে যুক্তরাজ্য সরকারকে কোনো বার্তা দেওয়া হবে কি না।
জবাবে হুমায়ুন কবির বলেন, “এটা তো আর ইউকে সরকার করছে না। যেখানে জানানোর দরকার আমরা জানাবো। কিন্তু একটা পালিয়ে যাওয়া স্বৈরাচার কোথায় বসে, মানে আপনার ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি কথা বলবে, মানে এগুলো ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ (অর্থহীন কাজ)।”
তিনি বলেন, “তার (শেখ হাসিনার) এখন কিছুই নাই। এখন তো তিনি কিংকর্তব্যবিমূঢ়, সব ধ্বংস হয়ে গেছে। নিজেকেও শেষ করে দিছে, দলকেও শেষ করে দিছে, পরিবারকেও শেষ করে দিছে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের আর আসবার কোনো চান্সই নাই। যাদেরকে তাড়িয়ে দেয়, এদের কিন্তু ফেরার চান্স খুব কম থাকে। মানে জিরো। মানে পালিয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। শেষ, রাজনীতি শেষ।”