রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের বিশাল মার্কেটের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এক যুবক আসেন। পরে তিনি আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তিনি তখন বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন।
দুর্বৃত্তের ছোড়া গুলিতে গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত হননি।
গুলির শব্দ শুনে আসিফ আকবর দ্রুত নিচে নেমে আসেন। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনাটি জানান তিনি।
খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
পুলিশ জানিয়েছে, হামলার পর আসিফ আকবর তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য দিতে পারেননি। ঘটনার পেছনে কারা জড়িত কিংবা কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।





