গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. হুমায়ুন কবির ডিউক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি রোববার সকালে নিশ্চিত করেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা।

হুমায়ুন কবির ডিউক উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মো. বক্তার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে হুমায়ুন কবির ডিউকের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্যসংবলিত একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানায়।

পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মজুমদারহাট ব্রিজসংলগ্ন তার কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(১) ধারায় ওয়েবসাইট বা ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক, মিথ্যা বা মানহানিকর তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।