জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছে।
শনিবার সকাল ৯টার দিকে প্রতিনিধি দলটি জাদুঘরে পৌঁছায়। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, আলোকচিত্র, দলিলপত্র ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন এনসিপির নেতারা।
পরিদর্শনকালে তারা জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি দলকে জাদুঘরে স্বাগত জানান মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব। পরে তিনি এনসিপির নেতাদের জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং সংরক্ষিত নিদর্শন ও গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন স্মৃতির বিষয়ে তথ্য দেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মারক সংরক্ষণ, সংশ্লিষ্ট দলিল নিয়ে গবেষণা এবং সেগুলো জনসাধারণের সামনে প্রদর্শনের লক্ষ্যে গণভবনে এ স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।





