২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
সোমবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
নীতিমালা অনুযায়ী, কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এ ছাড়া মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্যও আরও ১ শতাংশ আসন রাখা হবে।
তবে সংরক্ষিত আসনে আবেদন করলেও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্ধারিত ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে শিক্ষার্থীকে।
সংরক্ষিত আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা নির্ধারিত আসনের চেয়ে বেশি হলে মেধার ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এ সুবিধায় আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর দফতরপ্রধানের প্রত্যয়নপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।





