ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকরের উদ্যোগের সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি অভিযোগ করেছেন, ওয়াশিংটনের ইরান নীতি এখন ‘প্রহসনে’ পরিণত হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো তাদের নীতির অসারতা তুলে ধরছে। নতুন নিষেধাজ্ঞা ঘোষণার দুই দিন পর তিনি এ মন্তব্য করেন।
বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র এবার বাহরাইনের দিকে নজর দিচ্ছে, যদিও ইরানের সঙ্গে দেশটির উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই। তার দাবি, এতে ওয়াশিংটনের কথিত ‘জোট’ ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে খেলাধুলা ও শিক্ষা খাতে যেসব বিনিময় কার্যক্রম দীর্ঘদিন ধরেই কার্যত বন্ধ রয়েছে, সেগুলোও এখন নিষেধাজ্ঞার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এর আগে থেকেই নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি দেশের ওপর আবারও নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।
এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন দফার নিষেধাজ্ঞা ঘোষণা করেন। ওয়াশিংটন এই কার্যক্রমের নাম দিয়েছে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’।
স্কট বেসেন্ট জানান, এই অভিযানের লক্ষ্য বিশ্বজুড়ে ইরানের আর্থিক নেটওয়ার্ক। তিনি সতর্ক করে বলেন, তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোও সেকেন্ডারি নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে।





