চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দাফনের প্রায় দুই বছর পর এ নির্দেশ দেওয়া হলো।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর লাশ দুটি উত্তোলনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক ওই আবেদন অনুমোদন করেছেন। তবে লাশ উত্তোলনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ছিলেন। তাঁর ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করেন সেলিম খান ও শান্ত খান। পরে জনতার পিটুনিতে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করে।

ওই মামলার পরিপ্রেক্ষিতেই সম্প্রতি আদালত কবর থেকে লাশ দুটি উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

সেলিম খানের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এ ছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণকে ঘিরে অনিয়মের অভিযোগেও তাঁর নাম আলোচনায় আসে। এসব ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা এবং রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা চলমান ছিল বলে জানা যায়।