চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাকে আদালতে হাজির করার পর শুনানিতে মামলার পুরোনো তদন্তসংশ্লিষ্ট নথির ভিত্তিতে কয়েকটি অভিযোগ তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।

রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।

বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানায় সিআইডি। শুনানি শেষে আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী তদন্তসংশ্লিষ্ট তথ্যের বরাতে দাবি করেন, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্ককে কেন্দ্র করে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ জন্য আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি হয়েছিল বলেও রাষ্ট্রপক্ষ দাবি করেছে।

রাষ্ট্রপক্ষের ভাষ্য, মামলার রাজসাক্ষী রিজভী আহমেদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে।

ডন ও ডেভিডের বিরুদ্ধে সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনার অভিযোগও আদালতে তুলে ধরা হয়। রাষ্ট্রপক্ষ জানায়, ওই পরিকল্পনা বাস্তবায়নের সময় ১৯৯৭ সালের ১৯ জুলাই রিজভী আহমেদ গ্রেপ্তার হন। পরে ২৪ জুলাই তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু হয়। প্রায় তিন দশক পরও তার মৃত্যুকে ঘিরে আইনি প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে। মামলায় উত্থাপিত এসব অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।